
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ০:৪১

সাভারে একটি ছাগলভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এতে প্রাণ হারিয়েছেন ছাগলের ব্যাপারী এবং ট্রাকের হেলপার। মৃত্যু হয়েছে দুই শতাধিক ছাগলের। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর জেলার সদর থানা এলাকার তেচুলিয়া গ্রামের মৃত ইসলাম মণ্ডলের ছেলে ছাগল ব্যাপারী জাকারিয়া হোসেন (৪০) এবং জয়পুরহাট জেলার সোনাপাড়া থানা এলাকার বাসিন্দা ট্রাকের হেলপার হাসান মিয়া (৩০)।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে পুলিশ নিহতদের মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, 'ছাগলভর্তি ট্রাক পানিতে পড়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এ সময় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ট্রাকটিতে ২১০টি ছাগল ছিল বলে জানা গেছে যার সবগুলো ছাগলই মারা গেছে।'