
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ২০:৪২

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে লড়াইয়ের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় তিনি নিজেই আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
গত বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের জন্য এ ফরম বিক্রি শুরু করা হয়। আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত আগ্রহী প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারবেন।শেষ দিন, অর্থাৎ শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিক্রি চলবে।

ডিএনসিসি ও ডিএসসিসি মিলে সাধারণ ও সংরক্ষিত মোট ১৭২টি পদ রয়েছে। ডিএনসিসিতে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদ ৫৪টি এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদ ১৮টি। ডিএসসিসিতে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদ ৭৫টি এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদ ২৫টি। ডিএনসিসিতে ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। আর ডিএসসিসিতে এ সংখ্যা ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮। আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ডিএনসিসি ও ডিএসসিসির নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।