
প্রকাশ: ২৭ জুন ২০১৯, ৫:৩০

বরগুনা সরকারি কলেজের সামনে নেয়াজ রিফাত শরীফ নামে এক যুবককে গতকাল সকালে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে, যা ব্যাপক আলোড়ন তুলেছে। সে সময় রিফাতের সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়েশা আক্তার। ভাইরাল হওয়া ওই হামলার ভিডিওতে দেখা যায়, কলেজের মূল ফটকের কাছে কয়েকজন যুবক রিফাতের ওপর ধারালো অস্ত্র নিয়ে উপর্যুপরি হামলা চালাচ্ছে। এসময় আয়েশা আক্তার একাই দুর্বৃত্তদের হামলা থেকে স্বামীকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হন। একবার এ খুনির কাছে তো, আরেকবার ও খুনির কাছে। কখনো পেছন থেকে জাপটে ধরছেন, আবার কখনো একেবারে খুনির হাতে থাকা রাম-দায়ের সামনে গিয়ে পথ আগলে ধরছেন। কিন্তু খুনিদের থামাতে পারেননি আয়েশা।
ভিডিও ফুটেজে দেখা যায়, শতাধিক লোকের মাঝে প্রকাশ্য দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে রিফাতকে। আশেপাশের সবাই যার যার মতো করে দাঁড়িয়ে ছিলেন, শুধু একমাত্র সাহসী ব্যক্তি, যে রিফাতকে বাঁচাতে প্রতিকূলতা উপেক্ষা করে এগিয়ে এসেছিলেন। সেই ফুটেজ অনুসন্ধানে বেরিয়ে আসে তারা নাম। তিনি হলেন বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি। নুরুল ইসলাম রনি বলেন, আমি বাসা থেকে শহরে যাওয়ার পথে দেখি, কলেজের গেট থেকে রিফাতকে টেনেহিঁচড়ে বের করে কোপানো হচ্ছে। তখন আমি হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করেছি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব