মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার বিষয়টিকে হাস্যকর ও উন্মাদনা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে পলাতক। এমন একজন পলাতক আসামির পক্ষে দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার ঘটনা নজিরবিহীন।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাদের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন আমিনুল ইসলাম। তাঁর মতে, এসব তৎপরতার মধ্য দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী পরিচয় প্রকাশ পাচ্ছে। অন্য দেশের ভূখণ্ডে পরিচালিত কর্মকাণ্ড বন্ধে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ না থাকলেও এ বিষয়ে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা সম্ভব।
চিফ প্রসিকিউটর আরও বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হলে বিচারের মাধ্যমে দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে সরকার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যবস্থা নিতে বাধ্য হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার আবদার এবং ভারতে অবস্থানরত দলীয় নেতাদের তৎপরতা নিয়ে তাঁর এই বক্তব্য রাজনৈতিক ও আইনি আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।