
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৬:৫২

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে জেলায় পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তাঁর সঙ্গে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে আইজিপি আলী হোসেন ফকির গোপালগঞ্জে পৌঁছান। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার কার্যক্রম শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সহিংসতার পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতেই এই সফর। পরিদর্শনকালে নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া পদক্ষেপগুলো পর্যালোচনা করা হবে।
সফরের অংশ হিসেবে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও অগ্নিসংযোগের শিকার থানাগুলো পরিদর্শনের কথা রয়েছে। এসব স্থাপনার ক্ষয়ক্ষতি এবং বর্তমান কার্যক্রম সম্পর্কেও খোঁজ নেওয়ার কথা রয়েছে তাদের।
এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ সভায় অংশ নেবেন পুলিশের আইজিপি, বিজিবি ও এসআরবির মহাপরিচালক। সভায় জেলার নিরাপত্তা পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হতে পারে।

এদিকে কয়েকদিনের সহিংস ঘটনার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। ওই রাত থেকে নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাতভর বৃষ্টির কারণে সড়কগুলো অনেকটা শান্ত ছিল। সকাল পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো মিছিল কিংবা ভাঙচুরের খবর পাওয়া যায়নি।

তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। জেলা শহরে ওষুধ ও খাবারের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনীগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে।