প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৮

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বেন প্রধানমন্ত্রী। সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মূল উদ্দেশ্য হলো বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ অগ্রাধিকার তুলে ধরা। অধিবেশনে দেওয়া বক্তব্যে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরা হবে।
প্রতিমন্ত্রী জানান, সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। পাশাপাশি জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সহযোগিতা ও অংশীদারত্ব বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরের প্রাথমিক উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। সাইডলাইনে বিভিন্ন বৈঠক শেষ মুহূর্তে চূড়ান্ত হয়ে থাকে।
তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর কার কার সঙ্গে বৈঠক করবেন, তা চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে। বিষয়টি গোপন রাখার কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি।
সফরকালে রোহিঙ্গা সংকট নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে একটি বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।