গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের বহর রওনা হয়।
সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এ সময় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।
লংমার্চের দাবিগুলোর মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা। একই সঙ্গে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবি করা হয়েছে।
লংমার্চের নির্ধারিত রুটে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাক স্ট্যান্ডে প্রথম পথসভা হবে। এরপর কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরেরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা করার কথা রয়েছে।