কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে ১৬ লাখ ২৮ হাজার বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করবে সরকার। এ কর্মসূচির জন্য ২০২৫-২৬ অর্থবছরে ৫৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার টাকার কৃষি প্রণোদনা ঘোষণা করেছে কৃষি মন্ত্রণালয়।
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলার কৃষকদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। পাশাপাশি জৈব সার, বাঁশের খুঁটি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণও দেওয়া হবে।
কৃষি মন্ত্রণালয়ের উপকরণ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মোট বরাদ্দের মধ্যে চারা বাবদ ১২ কোটি ৯৬ লাখ ৩০ হাজার টাকা, জৈব সার বাবদ ১৯ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা, বাঁশের খুঁটি বাবদ ৮ কোটি ১৪ লাখ টাকা, পরিবহন ব্যয় বাবদ ৭ কোটি ৬১ লাখ ৪৪ হাজার টাকা এবং আনুষঙ্গিক ব্যয় বাবদ ৫ কোটি ২০ লাখ ৯৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
চারার প্রজাতি অনুযায়ী সহায়তা চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রতিটি চারার সঙ্গে কৃষক ৩০ কেজি জৈব সার এবং একটি বাঁশের খুঁটি পাবেন।
প্রথম ক্যাটাগরিতে নারিকেল চারার জন্য সর্বোচ্চ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪১০ টাকা। দ্বিতীয় ক্যাটাগরিতে আম, লিচু, কাঁঠালসহ ফলদ গাছের জন্য ব্যয় ধরা হয়েছে ৩১০ টাকা।
সরকার বলছে, এই উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।