
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৬:১৫

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আগের কাঠামোতে থাকছে না বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বাহিনীটির নাম পরিবর্তনের বিষয়ও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় র্যাবের ভবিষ্যৎ কাঠামো, মানবাধিকার ইস্যু এবং নতুন আইনি কাঠামো নিয়ে সরকারের পরিকল্পনার আভাস দেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, র্যাব বিলুপ্তির যে দাবি বিভিন্ন সময়ে উঠেছিল, বর্তমান বাস্তবতায় বাহিনীটি আগের ধাঁচে থাকছে না। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে র্যাবের জন্য নতুন আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন এবং সে লক্ষ্যে কাজও শুরু হয়েছে।
তিনি আরও বলেন, নতুন আইনের আওতায় বাহিনীটির কার্যক্রম, জবাবদিহি ও দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করা হবে। একই সঙ্গে মানবাধিকার রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দীর্ঘদিন ধরেই র্যাবকে নিয়ে দেশি-বিদেশি মহলে সমালোচনা রয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাহিনীটির সংস্কার কিংবা বিলুপ্তির সুপারিশ করেছিল।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপিও সংবাদ সম্মেলন করে র্যাব বিলুপ্তির দাবি জানায়। পরে নতুন কাঠামোতে একটি আধুনিক এলিট ফোর্স গঠনের বিষয়ে আলোচনা শুরু হয়।
সোমবার র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের প্রত্যাশা ও মানবাধিকারকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, পেশাদার এবং জবাবদিহিমূলক এলিট ফোর্স গড়ে তুলতে সরকার কাজ করছে।
সংবাদ সম্মেলনে সরকারের তিন মাসের কর্মকাণ্ডও তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।