যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যায় না। এটি মূলত উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি চুক্তি। তাই বিষয়টি আন্তর্জাতিক বাণিজ্য কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, সরকারের মূল লক্ষ্য হলো দেশের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা। কোনো চুক্তির ধারা যদি বাংলাদেশের স্বার্থবিরোধী হয়, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ বিদ্যমান রয়েছে। এ কারণে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য সম্পর্ক দেশের রপ্তানি খাতের জন্য গুরুত্বপূর্ণ। তাই বিষয়টি সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বাড়তি শুল্কের প্রভাব কমাতে ঢাকা-ওয়াশিংটন একটি পারস্পরিক শুল্ক (রিসিপ্রোকাল ট্যারিফ) চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সাবেক বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ।