স্বৈরাচারী শাসনামলে শ্রমিকসহ দেশের সব শ্রেণিপেশার মানুষ অধিকারবঞ্চিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সেই সময় অর্থনীতিকে পরিকল্পিতভাবে লুটপাটের মহোৎসবে পরিণত করা হয়েছিল।
শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনামলে শ্রমিক, ছাত্র, শিক্ষক, নারীসহ প্রতিটি খেটে খাওয়া মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। মানুষের অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, খেটে খাওয়া মানুষের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের স্ত্রীরা ফ্যামিলি কার্ড পাবেন এবং কৃষকদের জন্য ১০ হাজার টাকা ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের কার্ড চালুর বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।
গ্রামীণ উন্নয়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করলেও তারা সময়মতো পানি পায় না। এ সমস্যা সমাধানে খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষক ও শ্রমিকদের জীবনমান উন্নত হলে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন।
হকার উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, শুধু উচ্ছেদ নয়—তাদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।
বিগত সরকারের দমন-পীড়নের কথা স্মরণ করে তিনি বলেন, কয়েক বছর আগেও রাজনৈতিক কর্মসূচি মানেই আতঙ্ক ছিল। তবে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট জনগণ স্বৈরাচারকে বিদায় দিয়েছে।