জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা-র বক্তব্য চলাকালে ট্রেজারি বেঞ্চের কিছু সদস্যের আচরণ নিয়ে তীব্র অসন্তোষ ও নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদ সদস্যদের বক্তব্য দেওয়ার অধিকার নিয়ন্ত্রণের একমাত্র এখতিয়ার স্পিকারের। কিন্তু তিনি লক্ষ্য করেছেন, একজন স্বতন্ত্র সংসদ সদস্য বক্তব্য দেওয়ার সময় ট্রেজারি বেঞ্চের কিছু সদস্য এমন অঙ্গভঙ্গি করেছেন যা সংসদের মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং তার বিবেকেও আঘাত দিয়েছে।
তিনি আরও বলেন, শুধু নতুন নয়, চার থেকে পাঁচবার নির্বাচিত হয়ে আসা কিছু অভিজ্ঞ সংসদ সদস্যও একই আচরণ করেছেন। তবে তিনি সংসদের পরিবেশের প্রতি সম্মান জানিয়ে কারও নাম প্রকাশ করতে চাননি। তার মতে, সংসদ গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার জায়গা হওয়া উচিত এবং এখান থেকেই জাতিকে ইতিবাচক বার্তা দেওয়া প্রয়োজন।
বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, স্পিকারের অনুরোধ উপেক্ষা করে ট্রেজারি বেঞ্চের কয়েকজন সদস্য বারবার আচরণ চালিয়ে গেছেন। এমনকি স্পিকার মাইক না দেওয়ার পরও সংসদ কক্ষে কী ঘটছিল তা স্পষ্ট বোঝা যাচ্ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
শেষে তিনি বলেন, রুমিন ফারহানার বক্তব্য চলাকালে প্রদর্শিত আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে নিন্দা জানাতে বাধ্য হয়েছেন।