বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি খাতে উদ্ভূত সংকট ও মূল্য সমন্বয় বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জ্বালানি মন্ত্রী বলেন, বিশ্ব এখন কার্যত যুদ্ধকালীন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এর প্রভাবে প্রায় সব দেশই জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রও জ্বালানি তেলের দাম প্রায় ৫ ডলার পর্যন্ত বৃদ্ধি করেছে।
মন্ত্রী বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতি শুরুর পর বাংলাদেশ আমদানি করা তেল দিয়ে যে মজুত তৈরি করেছে, তার ক্রয়মূল্যের তুলনায় বর্তমানে কম দামে মূল্য সমন্বয় করা হচ্ছে। বৈদেশিক মুদ্রায় তেল আমদানি করতে হওয়ায় অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এখনো জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে। তবে সুনির্দিষ্ট ভর্তুকির পরিমাণ জানতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হিসাব দেখার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, যুদ্ধের প্রভাব শুধু বাংলাদেশের ওপর নয়, গোটা বিশ্বের ওপর পড়েছে এবং বাংলাদেশও সেই বৈশ্বিক বাস্তবতার বাইরে নয়।