দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সেবা কার্যক্রমকে শক্তিশালী করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ইকরামুল বারী টিপু-র এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনগণের জন্য নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল গড়ে তোলার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, ২২ জানুয়ারি ২০২৬ তারিখে ৪৮তম বিসিএসের মাধ্যমে দুই হাজার ৯৮৪ জন সহকারী সার্জন (এমবিবিএস) ও ২৭৯ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে ৪৪তম বিসিএসের মাধ্যমে আরও ১৮ জন সহকারী সার্জন ও ২২ জন ডেন্টাল সার্জন নিয়োগ পান। এর আগে ১৮ ডিসেম্বর ২০২৫ সালে ২৭তম বিসিএসের মাধ্যমে ১৬২ জন সহকারী সার্জন নিয়োগ দেওয়া হয়।
মন্ত্রী সংসদে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনবল পরিস্থিতিও তুলে ধরেন। সেখানে মোট ১৯৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৩৮ জন এবং ৫৮টি পদ এখনো শূন্য রয়েছে। চিকিৎসকদের প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত ৩১টি পদের মধ্যে ২১ জন কর্মরত থাকলেও ১০টি পদ খালি রয়েছে।
নার্সদের ক্ষেত্রে ৩৬টি পদের মধ্যে ৩৫টি পূরণ হয়েছে। এছাড়া ১১তম থেকে ১৬তম গ্রেডে ১০২টি পদের মধ্যে ৬৭টি পূরণ এবং ৩৫টি শূন্য রয়েছে। ১৭তম থেকে ২০তম গ্রেডে ২৭টি পদের মধ্যে কর্মরত আছেন ১৫ জন, শূন্য রয়েছে ১২টি পদ।
মন্ত্রী জানান, এসব শূন্য পদ পূরণের কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে সব পদ পূরণ করা হবে।