দেশে জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতা ও কারসাজি মোকাবিলায় সরকার সব ধরনের যানবাহনের জন্য ‘ফুয়েল কার্ড’ চালুর পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে প্রাথমিক কাজও শুরু হয়েছে জ্বালানি বিভাগে।
ফুয়েল কার্ড মূলত একটি বিশেষ পেমেন্ট কার্ড, যা পেট্রোল, ডিজেলসহ অন্যান্য জ্বালানি কেনার জন্য ব্যবহৃত হবে। এটি ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো কাজ করলেও এর মাধ্যমে জ্বালানি ব্যবহারের পরিমাণ নির্ধারণ, খরচ নিয়ন্ত্রণ এবং ডিজিটাল রেকর্ড সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তেলের হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় দ্রুত পাম্প থেকে তেল শেষ হয়ে যাচ্ছে, তবে এর পেছনে মূল কারণ মজুতদাররা।
মন্ত্রণালয় সূত্র জানায়, প্রস্তাবিত ফুয়েল কার্ডের মাধ্যমে মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস ও ট্রাকের মালিকরা নির্ধারিত সীমার মধ্যে তেল নিতে পারবেন। প্রতিটি কার্ডে একটি কিউআর কোড থাকবে, যার মাধ্যমে নির্দিষ্ট পাম্প থেকে তেল সংগ্রহ করা যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল ফুয়েল কার্ড চালু হলে জ্বালানি খাতে স্বচ্ছতা বাড়বে, অপচয় কমবে এবং কালোবাজারি নিয়ন্ত্রণ সহজ হবে। তবে এই ব্যবস্থা কার্যকর করতে কিছুটা সময় লাগবে।