সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও আনন্দমুখর হয়েছে। সড়কপথে উল্লেখযোগ্য কোনো যানজট নেই এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ রাখা হয়নি বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বাকেরগঞ্জ উপজেলা-এর রাঙামাটি নদীর ওপর নির্মিত ‘গোমা সেতু’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, সরকারের সমন্বিত প্রস্তুতির কারণে এবারের ঈদযাত্রায় বড় ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। অল্প সময়ের মধ্যেই ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষ নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন এবং তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন।
মন্ত্রী আরও জানান, ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণের কাজ শিগগিরই শুরু হবে। উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে বলেও উল্লেখ করেন তিনি।
নৌপথের বিষয়ে তিনি বলেন, বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার নৌপথ নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখা হচ্ছে। এর মধ্যে ১২০০ কিলোমিটার নদীতে খননকাজ চলছে এবং আরও সাড়ে চার হাজার কিলোমিটার নৌপথ খননের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও নিশ্চিত করেন, সদরঘাট থেকে দেশের বিভিন্ন রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে, যা ঈদযাত্রাকে আরও সহজ করেছে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন ও পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।