বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের এক নম্বর বিল্ডিংয়ের ২০১ নম্বর কক্ষে তিনি নিজের অফিসে ৫০ শতাংশ লাইট এবং ৫০ শতাংশ এসি ব্যবহার করার নির্দেশ দিয়েছেন।
সরকারি সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে এখন থেকে প্রধানমন্ত্রীর কক্ষে অর্ধেক লাইট ও অর্ধেক এসি চালু রাখা হবে। পাশাপাশি দিনের বেলায় কক্ষের জানালার পর্দা খোলা রাখা হবে, যাতে বাইরে থেকে আসা সূর্যের আলো সর্বোচ্চ ব্যবহার করা যায়।
ইতোমধ্যে সচিবালয়ের এক নম্বর ভবনের প্রধানমন্ত্রীর ২০১ নম্বর কক্ষসহ তাঁর কার্যালয়ের সবগুলো কক্ষে এই নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত কেবিনেট বৈঠকেও অর্ধেক লাইট ও অর্ধেক এসি ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের এই উদ্যোগের মাধ্যমে সরকার জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে চায়। একই সঙ্গে দেশের সব সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অফিস-আদালত, শপিংমল, বাণিজ্যিক কার্যালয় এবং বাসা-বাড়িসহ সর্বত্র বিদ্যুৎ সাশ্রয়ের এই উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, আজকের কেবিনেট বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে বিশেষভাবে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।