মন্ত্রিপরিষদে নিয়োগ পাওয়া নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করেছে সরকার। এ সংক্রান্ত আদেশ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যা বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ পায়।
সিনিয়র সহকারী সচিব অজিত দেব–এর সই করা অফিস আদেশে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে নবনিযুক্ত প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। একই সঙ্গে তাদের দপ্তর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
দায়িত্ব বণ্টন অনুযায়ী, নতুন প্রতিমন্ত্রীদের মধ্যে হাবিবুর রশিদ–কে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মো. রাজিব আহসান–কে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে।