আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সাধারণ ভোটারদের কোনো ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, ঝুঁকি রয়েছে তাদের জন্য, যারা নির্বাচনকে ব্যাহত করতে চায়, জাল ভোট দিতে যাবে, ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করবে কিংবা ফলাফল মেনে না নিয়ে আইন ভঙ্গ করবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত রাজধানী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
র্যাব ডিজি বলেন, নির্বাচনে ঝুঁকি অবশ্যই থাকে। তবে এ ঝুঁকি সাধারণ ভোটারের জন্য নয়; বরং যারা কেন্দ্র দখল, আক্রমণ, জাল ভোট বা ফলাফল অস্বীকারের মতো কর্মকাণ্ডে জড়াবে, তাদের জন্যই ঝুঁকি।
তিনি জানান, তফসিল ঘোষণার আগ থেকেই র্যাব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। গত দেড় থেকে দুই মাসে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়েও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে।
নির্বাচনী প্রস্তুতি তিন ধাপে ভাগ করা হয়েছে— নির্বাচন-পূর্ব, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী সময়। নির্বাচন-পূর্ব সময় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নির্বাচনের দিন র্যাব স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে ৬৪ জেলায় র্যাব মোতায়েন রয়েছে।
তিনি বলেন, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমানবাহিনী, আনসার ও পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে স্ট্যাটিক ফোর্স মোতায়েন রয়েছে। প্রায় প্রতিটি কেন্দ্রে সিসিটিভি, পুলিশের ২৫ হাজার ৭০০ বডি ক্যামেরা, ড্রোন, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
জঙ্গি হামলার নির্দিষ্ট কোনো হুমকি নেই জানিয়ে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সতর্ক রয়েছে।