
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৬

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তাদের স্ত্রী-স্বামীর সম্পদের তথ্যও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিবরণী জনসমক্ষে প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পদের হিসাব নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আলোকে ৩০ জুন ২০২৪ এবং ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।

সরকারি সূত্র বলছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। দুর্নীতিবিরোধী অবস্থানকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুত সময়ের মধ্যেই সরকারের সব উপদেষ্টার সম্পদ বিবরণ প্রকাশ করা হবে।
তিনি সে সময় বলেছিলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে এবং উপদেষ্টারা দ্রুত তাদের সম্পদের তথ্য প্রকাশ করবেন।
প্রধান উপদেষ্টা আরও জানান, পর্যায়ক্রমে এই ব্যবস্থা সব সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে, যাতে প্রশাসনে স্বচ্ছতা ও আস্থা আরও বৃদ্ধি পায়।