ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইন আবেদন বাধ্যতামূলক করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd-এর মাধ্যমে সাংবাদিক ও পর্যবেক্ষকরা আবেদন করতে পারবেন। আবেদন শেষে যাচাই-বাছাই সম্পন্ন হলে কিউআর কোডযুক্ত পিডিএফ কার্ড প্রদান করা হবে, যা প্রিন্ট করে নির্বাচনে সংবাদ সংগ্রহ ও পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা যাবে।
ইসি সূত্র জানায়, নতুন এই উদ্যোগের ফলে কার্ড বিতরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত ও নিরাপদ হবে।
অনলাইন আবেদনের প্রথম ধাপ হলো রেজিস্ট্রেশন। আবেদনকারীকে ওয়েবসাইটে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর মোবাইলে পাঠানো ওটিপি (OTP) যাচাই করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
পরবর্তী ধাপে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে সাংবাদিক বা পর্যবেক্ষক কার্ডের জন্য আবেদন করতে হবে।
আবেদনের সময় আবেদনকারীর ব্যক্তিগত তথ্য যেমন নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, লিঙ্গ ইত্যাদি দিতে হবে।
এছাড়া সংশ্লিষ্ট মিডিয়া প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ইমেইল, ফোন নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং প্রযোজ্য ক্ষেত্রে নিবন্ধন প্রমাণপত্র ও পত্রিকার কপি সংযুক্ত করতে হবে।
আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো—সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃক অনুমোদিত সাংবাদিকদের তালিকা আপলোড করা। সেই তালিকায় আবেদনকারীর নাম কত নম্বরে রয়েছে, তা উল্লেখ করতে হবে।
যাদের গাড়ির স্টিকার প্রয়োজন, তাদের গাড়ির কাগজপত্র সংক্রান্ত তথ্য দিতে হবে।
সবশেষে অফিস আইডি কার্ড, ইস্যুর তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ছবি, স্বাক্ষর এবং জাতীয় পরিচয়পত্র স্ক্যান কপি ফাইল আকারে আপলোড করতে হবে।
সব তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন জমা দিলে ইসি যাচাই-বাছাই শেষে কিউআর কোডসহ পিডিএফ কার্ড প্রদান করবে।