
প্রকাশ: ৬ আগস্ট ২০২১, ১৮:৩১

গ্যাসের প্রিপেইড মিটার স্থাপনে অবহেলার অভিযোগ তিতাসের বিরুদ্ধে। গ্রাহকদের আগ্রহ থাকলেও কচ্ছপ গতিতে চলছে মিটার স্থাপনের কাজ। রাজধানীর প্রায় ২৮ লাখ গ্রাহকের মধ্যে ছয় বছরে মিটার পেয়েছে আড়াই লাখ। বিশেষজ্ঞরা মনে করেন, দুর্নীতির সুযোগ জিইয়ে রাখতেই এই ধীরগতি। তবে দ্রুত সবাইকে মিটার দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুত প্রতিমন্ত্রী।
অপচয়, মিটার কারসাজি আর সিস্টেম লস কমাতে ২০১৫ সালে শুরু হয় গ্যাসের প্রিপেইড মিটার স্থাপনের কাজ। এতে গ্রাহকরা বিল জমা দেয়ার ঝামেলা থেকে যেমন রক্ষা পান, তেমনি কমে মাসিক খরচ।গ্রাহকরা জানান, গ্যাসের প্রিপেইড মিটার ব্যবহারের ফলে আমাদের খরচ অনেক কমে গেছে। ৫-৬শ টাকা হলেই আমার মাস চলে যাচ্ছে।
তবে তিতাসের এই কার্যক্রম চলছে কচ্ছপ গতিতে। নির্ধারিত ৪১টি এলাকার বেশির ভাগ গ্রাহক মিটার পাননি।গ্রাহকরা আরও জানান, আমাদের পুরো এলাকার মধ্যে শুধু একটা বাড়িতে প্রিপেইড মিটার রয়েছে। প্রিপেইড মিটার পেলে অনেক সাশ্রয়ী হবে। অপচয়টাও রোধ হবে। আমরা অবশ্যই প্রিপেইড মিটার চাই।
প্রথম পর্যায়ে প্রিপেইড মিটার দেয়া হয় ২ লাখ গ্রাহককে। ২০১৮ সালের মধ্যে প্রকল্প বাস্তবায়নের কথা থাকলেও গ্রাহকদের আগ্রহ বিবেচনায় প্রকল্পের মেয়াদ ২০২২ সাল পর্যন্ত বাড়ানো হয়। গ্রাহক সংখ্যা বাড়ারে এক লাখ ২০ হাজার, যদিও রাজধানীতে মোট গ্রাহক প্রায় ২৮ লাখ।

প্রকল্পটি যথাসময়ে শেষ করার ব্যাপারে আশাবাদী তিতাসের মহাপরিচালক। তিনি বলেন, শিডিউল অনুযায়ী মিটারের কাজ হচ্ছে। আমাদের টার্গেট ছিলো ৫০ হাজার। বসানো হয়েছে ৫৭ হাজার। ডিসেম্বরের মধ্যে আরও ৫০ হাজার মিটার বসবে।
জ্বালানি বিশেষজ্ঞ ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলম বলেন, আজকে ২০২১ সাল চলে যাচ্ছে। সাত বছর পার হয়ে যাচ্ছে মিটার দেওয়ার কোনো খোঁজ নেই। এই মিটারের ব্যবসা হচ্ছে প্রত্যেকটা বিতরণ কোম্পানিগুলো নিজেরা মিটার কিনবে। এখানে চুরি জালিয়াতি হবে। মানহীন মিটার কিনবে। সেখানে কন্টাক্টর লাভবান হবে। কর্মচারীরা দুর্নীতির কমিশন পাবে। ভিতরে এই সব বিলটি হয়ে গেছে।
আগামী তিন বছরের মধ্যে রাজধানীর সকল গ্রাহককে আধুনিক প্রি-পেইড মিটার দেয়া হবে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পেট্রোবাংলাকে আমরা সময় দিয়েছি দুই বছরে আমরা ২০ লাখ মিটার লাগাতে চাই। তাদের একটা প্রস্তাব চলে আসছে আমাদের কাছে। প্রিপেইড মিটার সব লাগিয়ে ফেলবো এটা কোনো ব্যাপার না। আমরা বলে দিয়েছি শুধু প্রিপেইড মিটার না স্মার্ট প্রিপেইড মিটার লাগাতে।

