
প্রকাশ: ১২ জুন ২০২১, ২২:৫৫

“নির্বাচন হলো জনগণের গণতান্ত্রিক অধিকার। নিবাচনে প্রার্থী কোন দলের, বর্ণের বা ধর্মের তা বিবেচ্য বিষয় নয়, আমাদের কাজ হলো সবাইকে সমান সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। আর আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছাড়া কোনভাবেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। নির্বাচনে যেন কোন ধরনের পক্ষপাতিত্ব না হয় সেদিকে সবাইকে সজাগ থেকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে”।
শনিবার (১২ জুন) বেলা ১১ টায় বরিশাল সার্কিট হাউসের সভাকক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কে.এম নূরুল হুদা।
প্রধান নির্বাচন কর্মকর্তা আরো বলেন, এর আগেও বরিশাল বিভাগের কর্মকর্তারা নির্বাচন সম্পন্নের ক্ষেত্রে যথেষ্ট ভুমিকা রেখেছেন। এবারও তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে আশা করেন। এই নির্বাচনে তারা যেন বিধি বর্হিভূত কোন কাজ না করেন সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের প্রতি আহবান জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে বিভিন্ন এলাকায় নির্বাচন স্থগিত করলেও বরিশালসহ যেসব এলাকায় করোনা সংক্রমন কম, সেরকম ২০৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন হবে ২১ জুন। বরিশাল বিভাগে ৩৩ টি উপজেলার ১৭৩টি ইউনিয়ন অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা বাদে ৯ টি উপজেলায় ৫০টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার, বরিশাল রেঞ্জ ডিআইজি এস.এম আক্তারুজ্জামান, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন প্রমূখ।