
প্রকাশ: ২৭ মে ২০২১, ১৩:৪০

রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ – রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত চলাচলকারী ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ মে) সকাল সাড়ে ১১ টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে ম্যাংগো ট্রেনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
করোনাকালে আম চাষিদের সুবিধার কথা চিন্তা করে এক জোড়া ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করল বাংলাদেশ রেলওয়ে।
ম্যাংগো ট্রেন প্রতিদিন দুপুর ২টায় রহনপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং ঢাকায় পৌঁছাবে দিবাগত রাত ২ টায়। আবার ঢাকা থেকে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে ভোর ৩টা ১৫ মিনিটে এবং পৌঁছাবে বিকেল সাড়ে ৩ টায়।
ম্যাংগো স্পেশাল ট্রেন জোড়াতে ৫টি ল্যাগেজ ভ্যান এবং টি পিসিআর ভ্যান সংযুক্ত থাকছে, ৪৩ টন আম ধারন ক্ষমতা সম্পন্ন ট্রেনটিতে প্রতি কেজি আম রহনপুর, চাঁপাই থেকে ঢাকা আনতে খরচ পড়বে মাত্র ১ টাকা ৩০ পয়সা, আর রাজশাহী থেকে কেজি প্রতি খরচ ১ টাকা ১৭ পয়সা মাত্র।

আপাতত প্রতিদিন ম্যাংগো স্পেশাল ট্রেন জোড়া চলবে বলে জানিয়েছেন রেলের পশ্চিমাঞ্চলের মহা ব্যবস্থাপক মিহির কান্তি গুহ। তিনি বলেন, এ অঞ্চলে প্রচুর আম হয়। করোনার কারণে যাতে চাষিরা /
ব্যবসায়ীরা আম ঢাকায় নিতে কোন অসুবিধার সম্মুখীন না হন এবং নাম মাত্র খরচে আম ঢাকায় নিয়ে বিক্রি করতে পারেন সেজন্য গত বছরের মত এ বছরও ম্যাংগো স্পেশার ট্রেন চালু করা হলো।
জানা গেছে, যতদিন চাহিদা থাকবে ততদিন ট্রেনটি চলবে। তবে ঢাকা থেকে আসার পথে ব্যবসায়ীরা অন্য যে কোনো পণ্য আনতে পারবেন।