
প্রকাশ: ২১ মে ২০২১, ২১:১৪

বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ করোনা টিকা উপহার দিচ্ছে চীন । শুক্রবার (২১ মে) রাতে ঢাকাস্থ চীনের দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এ দিন সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের টেলিফোনে কথা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী চীনকে করোনার টিকা দিতে অনুরোধ জানানোর প্রেক্ষিতে চীন এ ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের করোনা মহামারীর সর্বশেষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন। করোনার বিরুদ্ধে বাংলাদেশের চলমান লড়াইয়ের এখন সংকটপূর্ণ সময় চলছে। বাংলাদেশী বন্ধুদের করোনা টিকা জরুরি প্রয়োজন। বন্ধুরাষ্ট্রের এ সংকটে উদ্বিগ্ন চীন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
দেশে-বিদেশে এখন করোনা টিকার চাহিদাও বিশাল। টিকা সরবরাহে ব্যাপক ঘাটতি রয়েছে। এ সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বেইজিং। বাংলাদেশকে প্রথম ব্যাচে পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার মাত্র ৯ দিনের মাথায় চীন বাংলাদেশকে উপহার হিসেবে দ্বিতীয় ব্যাচে আরও ৬ লাখ ডোজ টিকা সরবরাহ করবে বলে ঘোষণা দিয়েছে।
চীন যে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে তারই প্রতিফলন এই ঘোষণা। চীন আশা করছে, উপহার হিসেবে করোনা টিকার এই দ্বিতীয় ব্যাচ বাংলাদেশের সরকার ও সাধারণ জনগণের মহামারীর বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করবে।
এর আগে ১২ মে চীন থেকে উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে।