
প্রকাশ: ২০ মে ২০২১, ১৩:৯

মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার। আজ বৃহস্পতিবার (২০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে গুণীজনদের হাতে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, করোনাকালেও উন্নয়ন কাজ চালু রাখতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে (বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল) ‘স্বাধীনতা পুরস্কার ২০২১' দেয়া হয়।
এবার যারা পুরস্কার পেলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য দেশের প্রখ্যাত সাংবাদিক মরহুম একে এম বজলুর রহমান, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু, শ্রমিক লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মৃন্ময় গুহ নিয়োগী,

সাহিত্যে কবি মহাদেব সাহা, সংস্কৃতিতে আতাউর রহমান ও সুরকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সমাজসেবায় অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। এছাড়া গবেষণা ও প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতা পুরস্কার পেয়েছে।
যারা মরণোত্তর স্বাধীনতা পদক পেয়েছেন তাদের স্বজনদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
১৯৭৭ সাল থেকে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর স্বাধীনতা পুরস্কার দেয় সরকার।