ইয়েমেনের হুতিদের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। লন্ডন বলেছে, সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হুতিদের হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাজ্যের উপ-স্থায়ী প্রতিনিধি কেট ফস্টার বলেন, ইয়েমেনে আবার সংঘাত শুরু করা এবং সৌদি আরবের ওপর ধারাবাহিক হামলার জন্য হুতিদের তীব্র নিন্দা জানায় ব্রিটেন। একই সঙ্গে সৌদি আরবের আত্মরক্ষার অধিকারকে সমর্থনের কথা জানান তিনি।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, হুতিদের অবিলম্বে হামলা বন্ধ করতে হবে। বিশেষ করে সৌদি আরবের বেসামরিক জনগণ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে লন্ডন।
সৌদি কর্তৃপক্ষের হিসাবে, সাম্প্রতিক হামলায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। কয়েকটি বেসামরিক ও জ্বালানি স্থাপনাতেও আগুন ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। রিয়াদের অভিযোগ, ইরান-সমর্থিত ইয়েমেনভিত্তিক হুতিরা সৌদির বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে সৌদি আরব।
এদিকে হুতিদের নতুন করে সক্রিয় হয়ে ওঠায় পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইয়েমেনের লোহিত সাগর উপকূল ধরে হুতিদের অগ্রযাত্রায় কৌশলগত বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি পৌঁছে যাওয়ার খবর পাওয়া গেছে। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিয়েও নতুন আশঙ্কা তৈরি হয়েছে।