ভারতের পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা জারি করেছে। পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে এখন থেকে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার (১৩ মে) জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত কর্তৃপক্ষের অনুমতি এবং সরকারি পশু চিকিৎসকের ফিটনেস সনদ ছাড়া গরু, ষাঁড়, বলদ বা মহিষ জবাই করা যাবে না। নতুন নিয়ম অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা জরিমানার বিধান রাখা হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, পশু জবাইয়ের আগে স্থানীয় প্রশাসন ও সরকারি পশু চিকিৎসকের যৌথ স্বাক্ষরিত সনদ বাধ্যতামূলক। এই নিয়ম গরু, ষাঁড়, বলদ, বাছুর এবং স্ত্রী-পুরুষ মহিষসহ সব গবাদি পশুর ক্ষেত্রে প্রযোজ্য।
সনদ পাওয়ার শর্ত হিসেবে বলা হয়েছে, পশুর বয়স অবশ্যই ১৪ বছরের বেশি হতে হবে এবং সেটি প্রজনন বা কাজের অনুপযোগী হতে হবে। গুরুতর আঘাতপ্রাপ্ত, বিকলাঙ্গ বা অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত পশুকেই কেবল জবাইয়ের জন্য বিবেচনা করা হবে।
এছাড়া জবাইয়ের স্থান নিয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে। অনুমোদিত পশু শুধুমাত্র পৌরসভার কসাইখানা বা নির্ধারিত স্থানে জবাই করা যাবে। রাস্তাঘাট বা জনসমাগমপূর্ণ স্থানে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নিয়ম বাস্তবায়ন তদারকির দায়িত্বে থাকবেন পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতি এবং অনুমোদিত সরকারি কর্মকর্তারা। তারা যেকোনো স্থান পরিদর্শন করতে পারবেন এবং বাধা দেওয়া হলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।