
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ১৬:৫৭

কাবা শরিফ এবং মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি আরব। মক্কা-মদিনায় আসা হজ ও ওমরাহ যাত্রীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদির আল ওয়াতান পত্রিকার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
এক প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মক্কা ও মদিনায় যেন স্বস্তিতে বিয়ে পড়ানো যায় সেজন্য দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞরা এই উদ্যোগকে বিভিন্ন কোম্পানির জন্য উদ্ভাবনী ধারণা নিয়ে আসার একটি সুযোগ বলে অভিহিত করেছেন। তবে কাবা শরিফ এবং মসজিদে নববীতে শ্রদ্ধার সঙ্গেই এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদিতে মাজউন হিসেবে পরিচিত বিয়ে বিষয়ক কর্মকর্তা মুসায়েদ আল জাবরি বলেছেন, মসজিদে বিয়ের চুক্তি পরিচালনা করা ইসলামে অনুমোদিত একটি বিষয়। তিনি বলেন, মহানবি হযরত মুহাম্মদ (সা.) একবার এক সাহাবীর বিয়ে মসজিদে পড়িয়েছেন।