
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০:১৭

চাকরির বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে একটি কোম্পানিতে গিয়ে বিপাকে পড়েন এক যুবক। সেখান থেকে তাকে পাচার করে দেয়া হয় কম্বোডিয়ায়। সেখানে তাকে আটকে রেখে প্রতি মাসে তার শরীর থেকে রক্ত বের করে নিতো প্রতারক চক্রের সদস্যরা। এতে তার বিভিন্ন অঙ্গ অকেজো হয়ে পড়ে।
ডেইলি মেইল জানিয়েছে, এ ঘটনা ঘটেছে চীনের একজন নিরাপত্তাকর্মীর সঙ্গে। ৩১ বছর বয়সী ওই যুবকের নামের শেষ অংশ লি। তাকে ছয় মাস ধরে আটকে রেখে প্রতি মাসে তার শরীর থেকে ২৭ আউন্স রক্ত বের করে নিতো অপহরণকারীরা।
ধারণা করা হচ্ছে, ওই গ্যাং লি’র রক্ত অনলাইনে ক্রেতাদের কাছে বিক্রি করত। একজন ব্যক্তির শরীর থেকে সাধারণত ১৬ আউন্স রক্ত নেয়া হয়। কিন্তু লি’র শরীর থেকে নেয়া হতো ২৭ আউন্স।
শরীর থেকে অতিরিক্ত রক্ত নেয়ায় লি’র একাধিক অঙ্গ অকেজো হয়ে গেছে। তার পুরো হাতে সুঁচের দাগ বসে গেছে। তবে এ মাসের শুরুর দিকে কোনোভাবে পালাতে সক্ষম হয়েছেন লি।

লি বলেন, চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের গুয়াংশিতে একটি নাইটক্লাবে বাউন্সার হিসেবে কাজ করার জন্য গিয়েছিলাম। কিন্তু গত বছরের জুন মাসে আমাকে কম্বোডিয়ায় পাচার করা হয়।
তাকে ১৮ হাজার ৫০০ ডলারে কিনে নেয় কম্বোডিয়ার একটি গ্যাং। তারা তাকে দিয়ে বিভিন্ন প্রতারণামূলক কাজ করাতে থাকে। তবে কাজ করতে অস্বীকৃতি জানানোয় গত সেপ্টেম্বর থেকে লি’র শরীর থেকে রক্ত বের করা শুরু করে গ্যাংয়ের সদস্যরা।
লি’র শরীর থেকে এত রক্ত নেয়া হয় যে, তার শিরা থেকে আর রক্ত নেয়া যাচ্ছিল না। তাই ওই চক্রের সদস্যরা তার মাথা থেকে রক্ত বের করা শুরু করে। পরে কোনোভাবে পালিয়ে আসেন তিনি।