সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালত পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আগের আদেশ স্থগিত করেছেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা। এর আগে, রোববার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন।
হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল এবং অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল গত ৫ জানুয়ারি সরকারকে আইনি নোটিশ দেন যাতে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়।
তিনি শিক্ষামন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে নোটিশ পাঠান। আদালতের এ স্থগিতাদেশ কার্যকর হওয়ায় রমজান মাসে স্কুল খোলা থাকবে এবং শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে শিক্ষার কার্যক্রমে অংশ নিতে পারবে।