
প্রকাশ: ১ জুলাই ২০২৩, ২:৩৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা সহ রানা শিকদার (৩৮) নামের এক যুবককে আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরের জামতলা বিজিবি চেক পোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। ভূরুঙ্গামারীর দিয়াডাঙ্গা বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) নায়েব সুবেদার আব্দুল খালেক বাদি হয়ে এঘটনায় ভূরুঙ্গামারী থানায় একটি মামলা করেছেন।
রানা শিকদার উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। সে ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। স্বেচ্ছাসেবক লীগ সভাপতির দাবি তাকে ফাঁসানো হয়েছে।
বিজিবির দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, বিজিবি'র জামতলা চেক পোস্টে দিয়াডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আব্দুল খালেকের নেতৃত্বে একটি টহলদল দায়িত্ব পালন করছিল।
শুক্রবার রাত সাড়ে দশটার দিকে টহলদল এক মোটরসাইকেল চালককে থামার সংকেত দিলে চালক মোটরসাইকেল রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে রানা শিকদার নামের ওই মোটরসাইকেল চালককে আটক করে বিজিবি।


এসময় মোটরসাইকেলের তেলের ট্যাংকের সামনের ফাঁকা অংশে সাদা পলিথিন দিয়ে পেঁচানো অবস্থায় ২৯টি গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাতেই রানা শিকদারকে থানায় হস্তান্তর করা হয়।
ভূরুঙ্গামারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি চঞ্চল মাহমুদ হাওলাদার বলেন, রানা ভালো ছেলে। সে মাদকের সাথে জড়িত নয়। তাকে ফাঁসানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজহার আলী বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ইয়াবাসহ আটক ব্যক্তিকে শনিবার সকালে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।