
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ৫:৮

ঘুষ ছাড়া কোন প্রকার ফাইল না ধরার অভিযোগ উঠেছে রাজবাড়ী সদর উপজেলার ভূমি অফিসের প্রধান সহকারি হিসাব রক্ষক বাবুল চন্দ্র সরকার এর বিরুদ্ধে। এছাড়াও ঘুষ,অনিয়ম ও হয়রানিসহ নানা অভিযোগ উঠেছেও তার বিরুদ্ধে। মিসকেস, নামজারি সহ গুরুত্বপূর্ণ কাজগুলো করতে গিয়ে সাধারণ মানুষ হয়রানির শিকার হন তার কাছে। ভূমি সংক্রান্ত কোন কাজ করাতে গেলে তাকে ম্যানেজ না করলে মেলেনা কোন নিশ্চয়তা কোন ফল। তাকে সবাই বাবু সাহেব নামে চিনে থাকেন। সরাসরি ঘুষ নেবার একটি ২৮ সেকেন্ডের ভিডিও ফুটেজ হাতে এসেছে বাংলা ট্রিবিউন এর কাছে।
ডিভিওটিতে দেখা যায়, দুজন লোকের নামজারির একটি কাজে তার হাতে টাকা তুলে দিচ্ছেন। এ কাজে তাকে সহযোগিতা করছেন ওই ভূমি অফিসের এক দালাল। ভিডিও ফুটেজটির শুরুতে এই কর্মকর্তা দালালকে বিরক্তিকর সুরে বলতে শোনা যায়,‘ তুমি এই সকাল বেলা কি পচা কামডা (কাজ) নিয়ে আইছো।’ পাশে থাকা লোকটি তখন বলেন, ‘না বাবু পচা না, এগুলো করে দিতে হবে। কোন উপায় নাই।’ পরে এই কর্মকর্তা আরো কিছু টাকা দাবি করলে (শব্দ অস্পষ্ট) দালাল তাকে ম্যানেজ করার চেষ্টা করে।
ভুক্তভোগী নাম প্রকাশে অনিচ্ছুক কিছু লোক জানান, ঘুষ হিসাবে নগত টাকা ছাড়া কোন কাজই হয় না তার দপ্তরে। একটি কাজ নিয়ে দিনের পর দিন শুধু ঘুরাচ্ছেন তিনি। পরে একটি মাধ্যমে আমি জানতে পারি যে বাবু সাহেবকে ম্যানেজ করলে কাজ হয়। বাবু সাহেবকে ম্যানেজ করার পর কাজটি হয়ে যাবে বলে জানান একজন।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাবু সাহেব টাকা ছাড়া কোন কাজই করতে চায় না। টাকা না দিলে ফাইল ফেলে রাখে দিনের পর দিন। অনেক সময় নানা অজুহাত দেখিয়ে বড় স্যারের টেবিল পর্যন্ত ফাইল পৌঁছাতেই দেয় না।

এ বিষয়ে অভিযুক্ত রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক বাবুল চন্দ্র সরকার বলেন, ভিডিওটি আমার দপ্তরের। এগুলো রাখেন। কোন নিউজ করার দরকার নাই। আপনাদের খুশি করবো। সমস্যা নাই।
ভূমি কর্মকর্তার এমন ঘুষ বাণিজ্যের বিষয়টি নিয়ে রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু বলেন, আমার কথা বলতে হলে জেলা প্রশাসক স্যারের অনুমতি প্রয়োজন। তবে আমার কাছে কেউ কোন সুনির্দিষ্ট করে অভিযোগ দিলে কঠিন ও কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিডিওটি দেখে বিধিমোতাবেক ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। তিনি বলেন, ঘটনার সত্যতা পেলে অবশ্যই কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।