
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২১, ১:২৩

মিরপুরে শেষ বিকেলে গিয়ে হতাশার হারের ক্ষত নিয়ে ঘাঁটাঘাঁটির খুব একটা ফুরসত নেই। হোটেলে ফিরে ব্যাগ গুছিয়ে বিমান ধরতে হবে বাংলাদেশ দলকে। দুই ম্যাচ টেস্ট সিরিজে এবার গন্তব্য নিউজিল্যান্ড।
বিসিবি জানায়, আজ (বুধবার ) দিবাগত রাত ১টায় দুবাইগামী ফ্লাইট ধরবেন মুমিনুল হকরা। দুবাই থেকে আরেকটি ফ্লাইটে তারা যাবেন নিউজিল্যান্ডে। এদিকে বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলে বৃহস্পতিবার সকাল ১০টায় দুবাই হয়ে নিজ দেশে ফিরে যাবে পাকিস্তান দল।
নিউজিল্যান্ডের বিপক্ষে জানুয়ারি মাসের শুরুতে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু কোয়ারেন্টিন ও প্রস্তুতি ম্যাচ খেলার জন্য বেশ আগেভাগেই সেখানে যাচ্ছে তারা। নিউজিল্যান্ড পৌঁছে ক্রাইস্টচার্চে যাবে বাংলাদেশ দল। সেখানে আছে ৭ দিনের কোয়ারেন্টিন।

কোয়ারেন্টিন শেষ করে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের টেস্ট দল। মাউন্ট মঙ্গানুইতে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২০২২ সালের ১ জানুয়ারি। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে।
গত পাঁচ বছরে দেশটি চতুর্থ বারের মতো সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে এখনও কোনো জয় দেখেনি বাংলাদেশ। সবমিলিয়ে মোট ৩২ ম্যাচের সবকটিই হেরেছে টাইগাররা।