
প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ০:২৮

ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে এমন বিধ্বস্ত বাংলাদেশকে বোধ হয় দেখা যায়নি কখনই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করলো টাইগাররা।
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে গিয়েছিল। সুপার টুয়েলভপর্বে পাঁচ ম্যাচের সব কটিতে হার নিয়ে সেই স্বপ্ন কবর দিয়ে ফিরছে মাহমুদউল্লাহ রিয়াদের দলে।
তার চেয়েও বড় কথা, সেই হারগুলোর মাঝে লড়াকু মানসিকতার ছিঁটেফোটা দেখা যায়নি। বরং একের পর এক লজ্জার রেকর্ড গড়তে পিছপা হয়নি লাল সবুজ জার্সিধারীরা।
আজ (বৃহস্পতিবার) সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৮২ বল হাতে রেখে পাওয়া এই জয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ বল হাতে রেখে পাওয়া জয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৮৪ রানে গুটিয়ে গিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। যেটা ছিল দেশের টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ।
সেই লজ্জা ফিরিয়ে দেয়ার জন্য বিশ্বকাপের মঞ্চকেই বেছে নিয়েছে অজিরা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন রান ছিল ৭০। বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাত্র ৭৩ রানে অল-আউট হয়ে গড়েছে দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড।
এই কটা রান তুলতে অজিদের খেলতে হয়েছে মাত্র ৬.২ ওভার। ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ওপেনিং জুটি থেকে আসে ৫৮ রান। পঞ্চম ওভারের শেষ বলে ফিঞ্চকে ৪০ (২০) রানে বোল্ড করে ফেরান তাসকিন আহমেদ। ষষ্ঠ ওভারের শেষ বলে ওয়ার্নারকে ১৮ (১৪) রানে বোল্ড করেন শরিফুল ইসলাম।