
প্রকাশ: ১ নভেম্বর ২০২১, ৩:৫৭

নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে ইংলিশদের চেপে ধরেছিল শ্রীলঙ্কা। প্রথম ১০ ওভারে মাত্র ৪৭ রান করতে পেরেছিল ইংল্যান্ড। সেখান থেকে ওপেনিং ব্যাটার জস বাটলারের ঝড়ে শেষ ১০ ওভারে আসে ১১৬ রান। যা ইংল্যান্ডকে এনে দিয়েছে ১৬৩ রানের চ্যালেঞ্জিং স্কোর।
দলকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পথে চলতি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাটলার। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারেরও প্রথম সেঞ্চুরি পূরণ করেছেন এ ডানহাতি। তাকে সঙ্গ দিয়ে ৪০ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক ইয়ন মরগ্যান।
আগের ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঝোড়ো ব্যাটিং করেছেন জস বাটলার। মাত্র ১২৬ রানের লক্ষ্য টপকাতে নেমে ৩২ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। অজিদের বিপক্ষে যেখানে শেষ করেছিলেন, আজ (সোমবার) শ্রীলঙ্কার বিপক্ষে সেখান থেকেই যেন শুরু করেন বাটলার। ব্যাট হাতে ঝড় তুলে ইনিংসের শেষ বলে ছয় হাঁকিয়ে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন তিনি। এটি চলতি বিশ্বকাপেও কোন ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি।

বাটলারের শতকের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে স্কোর বোর্ডে ১৬৩ রানের পুঁজি পেয়েছে ইংল্যান্ড। বাটলার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০১ রানে। ৬৭ বলে শতক ছোঁয়া বাটলার তার ৬৭ বলের ইনিংটি সাজিয়েছেন সমান ৬টি করে চার-ছয়ের মারে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি