প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ১১:৪৭

মাত্র একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন করে মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম এক লাফে ৪ হাজার ৩৭৪ টাকা বেড়ে নতুন রেকর্ডে পৌঁছেছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ঘোষিত নতুন দর একই দিন সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মূল্যই দেশের বাজারে কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারিগরি কাজের ওপর নির্ভর করে মজুরি যুক্ত হবে। স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এর আগে ২ জুলাইও সোনার দাম বাড়ানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়। মাত্র একদিন পর আবারও মূল্যবৃদ্ধির ঘোষণায় ক্রেতাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৮৬ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৩ দফা দাম বেড়েছে, ৪২ দফা কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। ঘন ঘন মূল্য পরিবর্তনের কারণে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির রুপার দামও নতুন করে সমন্বয় করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামা এবং স্থানীয় কাঁচামালের মূল্যবৃদ্ধির প্রভাব দেশের স্বর্ণবাজারে পড়ছে। ফলে সামনে বাজার পরিস্থিতির ওপর নির্ভর করেই সোনা ও রুপার দামে আরও পরিবর্তন আসতে পারে।