ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিন যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের এনায়েত মোল্লার ছেলে চয়ন মোল্লা (২০), একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) এবং আজগর শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে নওপাড়া বাসস্ট্যান্ডের কাছে হঠাৎ বিকট শব্দ শুনে তারা সড়কের দিকে তাকান। এ সময় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের দৃশ্য দেখতে পান। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সড়কের ওপর তিন যুবক পড়ে থাকেন। তাদের মাথায় গুরুতর আঘাত ছিল।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ভাঙ্গা জরুরি বিভাগের চিকিৎসক আকতার হোসেন জানান, দুর্ঘটনায় একজন নিহত এবং দুজন গুরুতর আহত হন। পরে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল জানান, অজ্ঞাত একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহত অপর দুই যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর তাদেরও মৃত্যু হয়।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।