প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১৯:৪৮

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে টানা তৃতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে থেমে থেমে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হলেও কয়েক দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে আর্জেন্টিনার জার্সি পরিহিত এক সমর্থকও আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন। এছাড়া উভয় পক্ষের বেশ কয়েকটি দোকানপাট ও ঘরবাড়িতে ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনার কারণে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগে পড়তে হয়।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সূর্যকান্দি গ্রামের মোশারফ মিয়ার সঙ্গে ধরন্তি গ্রামের হাদিমের পাওনা অর্থ নিয়ে বিরোধের সূত্রপাত হয়। সেই বিরোধকে কেন্দ্র করে গত রোববার রাতে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই ঘটনায় হাদিম নিহত হন।

এরপর সোমবার জানাজা শেষে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কয়েক ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হন। মঙ্গলবার সকালেও নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। তবে থেমে থেমে সংঘর্ষ চলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ঝুঁকির মধ্যে কাজ করতে হচ্ছে এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।