ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামে মাদক ও অনলাইন জুয়া নির্মূল এবং বিভিন্ন সামাজিক অপরাধ দমনে গণসচেতনতা তৈরির লক্ষ্যে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে উচালিয়াপাড়া গ্রামের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। স্থানীয় তরুণ ও যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখার প্রত্যয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুর রহমান এবং সঞ্চালনা করেন সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, আলেম-ওলামা ও যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন মো. আনোয়ার হোসেন, মো. ফজল মিয়া, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, মো. জাকারিয়া, মো. সোনা মিয়া, মো. রাকিব মিয়া, মো. হেলাল মিয়া, মো. শরিফ উদ্দিন, মো. আব্বাস মিয়া, মো. লাল মিয়া, মো. জাকির মিয়া, অ্যাডভোকেট হিমেলসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি। তারা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তারা আরও বলেন, মাদকমুক্ত তরুণ সমাজই একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি। সমাবেশে সর্বসম্মতিক্রমে গ্রামের যুব সমাজ ও মুরুব্বিদের নিয়ে একটি মাদকবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।