প্রকাশ: ৩ মে ২০২৬, ১৯:১৫

কুড়িগ্রামের উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়কের সংযোগস্থল পরিবর্তনের দাবিতে এলাকাবাসী আবারও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। তাদের অভিযোগ, সড়কের স্থান নির্ধারণে শুরু থেকেই স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে।
২০২৫ সালের ২৫ আগস্ট উলিপুর হেলিপ্যাড মোড় থেকে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ শাখা ৪ ধারা নোটিশ জারি করলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এতে আমিন মোড় ও আশপাশের বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেন।
ভুক্তভোগীদের দাবি, প্রস্তাবিত সংযোগস্থলটি অত্যন্ত জনবহুল এলাকা। এখানে বসতবাড়ি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও অফিসসহ প্রায় ৭০টি পরিবারের জীবন-জীবিকা নির্ভরশীল।
স্থানীয়রা জানান, প্রকল্প বাস্তবায়িত হলে বহু পরিবার তাদের একমাত্র আশ্রয় ও আয়ের উৎস হারিয়ে দরিদ্র সীমার নিচে চলে যাবে এবং গৃহহীন হয়ে পড়বে।
এর আগে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেনকে সরেজমিন তদন্তের দায়িত্ব দেওয়া হলে তিনি এলাকাটি পরিদর্শন ও ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করেন।

এলাকাবাসীর অভিযোগ, কিছু অসাধু মহল প্রভাব খাটিয়ে বাইপাসের নকশা পরিবর্তনের চেষ্টা করছে এবং তাদের স্বার্থে সিদ্ধান্ত প্রভাবিত করা হচ্ছে। এ নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগও তুলেছেন তারা।
তারা আরও দাবি করেন, প্রস্তাবিত স্থানে বাইপাস সংযোগ হলে প্রতিনিয়ত যানবাহন ও জনসমাগমে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে, যা প্রাণহানির কারণ হতে পারে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

উলিপুর পৌর এলাকার যানজট নিরসনের জন্য ৬৮ কোটি ২৫ লাখ টাকার ৩.২ কিলোমিটার বাইপাস প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও এটি কার্যকর সমাধান হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা।
সব দিক বিবেচনা করে বাইপাস সড়কের সংযোগস্থল পরিবর্তনের দাবি জানিয়ে এলাকাবাসী সরকারের নীতিনির্ধারকদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।