নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তেল শেষ হয়ে যাওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম ঠিকানা জানা যায়নি।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে নিয়মিত তেল সরবরাহ করা হলেও বিকেল সাড়ে ৪টার দিকে তেল শেষ হয়ে যায়। তখনো লাইনে বেশ কিছু মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল। তেল শেষ হয়ে গেছে বলায় মোটরসাইকেলচালকেরা অতর্কিতে হামলা চালান। তারা হামলা চালিয়ে ফিলিং স্টেশনের অফিস কক্ষ ভাঙচুর করেন।