পটুয়াখালীর কুয়াকাটা-য় ইয়াবা সেবনে বাধা দেওয়ায় এক আবাসিক হোটেল মালিককে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রোববার (১ মার্চ) সন্ধ্যায় কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত লোকমান মৃধা ‘হোটেল কুয়াকাটা প্যালেস’-এর মালিক। স্থানীয় সূত্রে জানা গেছে, রাখাইন মহিলা মার্কেটের ঝিনুক ব্যবসায়ী রাসেল খান ও মিরাজ নামের দুই ব্যক্তি তার হোটেলে নিয়মিত ইয়াবা সেবন করতেন। এতে বাধা দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে লোকমান মৃধার ওপর হামলা চালান। স্থানীয়ভাবে জানা গেছে, অভিযুক্তরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার দুই পা থেঁতলে দেয়। এ সময় তার চারটি দাঁত পড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়েছে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।
আহতের মেয়ে সাজেদা বেগম অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার বাবাকে মারধর করা হয়েছে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে মহিপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহব্বত খান বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।