নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ইনজেকশন ও নার্সের অবহেলায় ছয় মাস বয়সী শিশু আরোহীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
নিহত আরোহী উপজেলার চৌমুহনী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার জহির উদ্দিনের কন্যা। স্থানীয় সূত্র জানায়, সকালেই মা সালমা আক্তার শিশু আরোহীকে নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করেন। স্বজনদের দাবি, জরুরি বিভাগের নার্সের গাফিলতির কারণে শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
প্রসঙ্গত, শিশুর স্বজনরা জানান, বাড়িতে শারীরিক অবস্থা খারাপ থাকায় শিশুদের ৩-৪ দিন ধরে ৩-৪টি ইনজেকশন দেওয়া হয়েছিল। হাসপাতালে আনার সময় শিশুর হাতে ক্যানোলা লাগানো ছিল। হাসপাতালে ডাক্তার শিশুকে দেখার আগে নার্স ক্যানোলা পরিষ্কার করতে গিয়ে শিশুটি মারা যায়। স্বজনরা অভিযোগ করেছেন, নার্সের গাফিলতির কারণে শিশুর মৃত্যু হয়েছে।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সালেহ আহমেদ সোহেল বলেন, শিশু কনসালটেন্ট ডা. রফিকুল ইসলাম কিছুদিন আগে জ্বরের জন্য আরোহীকে চিকিৎসা দিয়েছেন। তিনি তাকে ইনজেকশন দেওয়ার পর হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছিলেন। তবে পরিবার শিশুকে হাসপাতালে ভর্তি করেনি। পরে হাসপাতালে নিয়ে আসার সময় শিশুর হাতে থাকা ক্যানোলা বক্ল পাওয়া যায়। ক্যানোলা পরিষ্কার করার সময় শিশুটি মারা যায়।
চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, মৃত শিশুটি নিউমোনিয়া আক্রান্ত ছিল। ঘটনাস্থল পরিদর্শন শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।