মৌলভীবাজারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে প্রায় তিন লাখ টাকার জাল নোট এবং ভারতীয় জাল রুপি উদ্ধারসহ যুগেন্দ্র মল্লিক (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত যুগেন্দ্র মল্লিক মৃত দেবেন্দ্র মল্লিকের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মাহবুবুর রহমান মোল্লা, এসআই এ.এইচ.এম মাহমুদুর রহমান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। তার দেয়া তথ্যমতে, বাড়ির গোয়াল ঘরের খড়ের নিচ থেকে জাল বাংলাদেশি টাকা ও ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত টাকার মধ্যে রয়েছে ২,৭৭,২০০ টাকা মূল্যের বাংলাদেশি জাল নোট এবং ৩,৯০০ রুপি মূল্যের ভারতীয় জাল নোট। এছাড়াও উদ্ধার করা হয়েছে ১টি বাটন মোবাইল ও ১২টি খাকি খাম। এসব খামের মধ্যে ১০০০ টাকার ১৫৫টি, ৫০০ টাকার ২০০টি, ২০০ টাকার ১১১টি এবং ভারতীয় ৫০০ ও ২০০ টাকার কয়েকটি জাল নোট পাওয়া যায়।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জানান, আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে জাল নোটের কারবারে জড়িত। আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে তিনি এসব জাল টাকা পশুর হাটে ছাড়ার পরিকল্পনা করছিলেন।
তদন্তে জানা গেছে, যুগেন্দ্র মল্লিক এর আগেও জাল টাকার মামলায় গ্রেফতার হয়েছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে র্যাব তাকে শ্রীমঙ্গল এলাকা থেকে ৭০ লাখ টাকার জাল টাকা ও ১৪ লাখ টাকার ভারতীয় জাল রুপি সহ গ্রেফতার করে।
নতুন করে তাকে আটক করে শ্রীমঙ্গল থানায় The Special Powers Act, 1974 এর ২৫-A(b) ধারায় মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে কেন্দ্র করে জাল টাকা প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, যেন কেউ বাজারে জাল নোট ছাড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।