
প্রকাশ: ৫ মার্চ ২০২৪, ৬:১০

কুমিল্লার দেবীদ্বারে ভোক্তা অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৩টি ঔষধের দোকানকে ৩০ হাজার এবং একটি মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোঃ আসাদুল ইসলাম ওই অভিযান পরিচালনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা সিনেটারী ইন্সপেক্টর মোঃ ইসরাফিল হোসাইন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর কামরুন নাহার এবং থানা পুলিশ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ এবং লাইসেন্স না থাকায় পৌর সদরের মেসার্স মায়ের দোয়া ফার্মেসিকে ১০হাজার টাকা, মেসার্স নাঈম মেডিকেল হল ১০হাজার টাকা, মেসার্স মানবসেবা ফার্মেসিকে ১০হাজার টাকা এবং পুরাতন মালামাল ও মূল্য তালিকা না থাকায় মধুরাজ মিষ্টান্ন ভান্ডারকে ৫হাজার টাকা সহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোঃ আসাদুল ইসলাম বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণে আমরা সবসময় প্রস্তুত আছি। আসন্ন রমজানকে ঘিরে ভোক্তারা যেন কোন ধরনের প্রতারণার শিকার না হয় সে লক্ষ্যে আমরা বাজার মনিটরিং করছি এবং যেখানে বরং ধরনের অনিয়ম পাচ্ছি সেখানে জরিমানা করা হচ্ছে। মূল্য তালিকা টানিয়ে মালামাল বিক্রয়ের জন্য বিক্রেতাদের বলা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি