
প্রকাশ: ২ মার্চ ২০২৪, ১৮:১৬

দেবীদ্বারে দীর্ঘ ১০ বছর ব্যবসায়ী ও সিএনজি চালকরা একটি প্রভাবশালী সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল। ওই সিন্ডিকেট যেভাবে পেরেছে ব্যবসায়ী ও সিএনজি চালকদের শোষণ করেছে, নির্যাতন করেছে, দেবীদ্বারে আর কাউকে চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেয়া হবে না।
শুক্রবার (১মার্চ) উপজেলা পরিষদ মাঠে সকালে সিএনজি চালক ও বিকালে পৌর ব্যবসায়ী ও মালিকদের সাথে পৃথক দুটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ দেবীদ্বারের সাংসদ মোঃ আবুল কালাম আজাদ এসব বলেন।
মতবিনিময় সভা দুটিতে তিনি চালক ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনে সিএনজি চালকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের এখন আর জিবি বা চাঁদা দিতে হয় না, আপনারা যাত্রীদের ভাড়া কমিয়ে আনুন, কত কমাবেন আপনারাই বসে সিদ্ধান্ত নিবেন। চালকদের জন্য একটি কল্যাণ তহবিল করা হবে, এ জন্য ১২ সদস্যের একটি কমিটি করে দেয়া হয়েছে। এ তহবিল থেকে যারা বিপদগ্রস্ত চালক তাদের সাহায্য করা হবে।

পৌর ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাজারের কমিটি ভেঙে আরও সুন্দর একটি কমিটি করা হবে। যে কমিটি চাঁদা খাবে না নিবেও না। আপনারা যাকে সৎ মনে করবেন তাকে ভোট দিয়ে নির্বাচন করবেন। আপনারা একটি স্থায়ী বাজার চেয়েছেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য একটি স্থায়ী বাজার ব্যবস্থা করে দেয়ার জন্য। আপনারা সকল ব্যবসায়ী ঐক্য থাকতে হবে, সৎভাবে ব্যবসা করতে হবে। সাধারণ জনগণ যাতে আপনাদের কাছে স্বল্প মূল্যে নিত্যপন্য দ্রব্য ক্রয় করতে পারে সে বিষয়টি নজরে রাখতে হবে। কোন ক্রেতাকে হয়রানি করা যাবে না। সামনে রমজান মাস ইচ্ছেমত দ্রব্য মূল্যের দাম বাড়ানো যাবে না। আমি নিজেও একজন ব্যবসায়ী। আপনাদের অসুবিধার কথা চিন্তা করে মাঠের বাণিজ্য মেলা আমি বন্ধ করেছি। আপনাদের যে কোন সমস্যার কথা আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সব সমস্যা নিরসন করতে। এমপি আজাদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসাবান্ধব, তিনি বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তা তৈরি করে দেশের অর্থনীতির চাকায় গতি এনেছেন। এ সরকার ব্যবসায়ীদের কল্যাণে কাজ করছে। আমরা সবাই মিলে একটি সুন্দর সুশৃঙ্খল দেবীদ্বার গড়ব। আপনারা আমাকে সহযোগিতা করবেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
দেবীদ্বার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আবুল কাশেম চেয়ারম্যান ও পৌর শ্রমিক লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হাসান রাসেলের সঞ্চালনায় সভা দুটিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লুৎফুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবির, পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এমএ কাইয়ুম ভূঁইয়া, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো, মোকবল হোসেন মুকুল, রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সরকার প্রমুখ।