
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৪

দেশের ষষ্ঠ ইলিশ অভয়াশ্রম বরিশাল জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ ও বরিশাল সদর উপজেলার কালাবদর, গজারিয়া ও মেঘনা নদীর প্রায় ৮২ কিলোমিটার এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা দুমাস ইলিশসহ সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে। এ বিষয়ে গতকাল ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে হিজলা উপজেলা পরিষদ সভাকক্ষে হিজলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ এর সভাপতিত্বে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন,
উপজেলা প্রকৌশলী সুকদেব বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণব বৈদ্য, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেন হাওলাদার সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজ। সভায় জানানো হয় নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি অভয়াশ্রমে মাছ শিকার করে তাহলে আইন অমান্যকারী কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি