
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১৭:১২

গুচ্ছে না গিয়ে নিজস্ব পদ্ধতিতে আসন্ন ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। সোমবার (২৯ জানুয়ারি) একাডেমিক কাউন্সিলের ১২৭তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
এবিষয়ে ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, শিক্ষক সমিতির সাধারণ সভায় আমরা গুচ্ছে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। সব শিক্ষকের মতামতের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সভায় সেই সিদ্ধান্তই গৃহীত হয়েছে। আশা করছি এককভাবে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতভাবে গুচ্ছে না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপাচার্য স্যার এর পক্ষে মত দিয়েছেন। পরবর্তীতে আলোচনা করে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, একাডেমিক কাউন্সিলে সবাই একক ভর্তি পরীক্ষার পক্ষে মত দিয়েছেন। তাই সর্বসম্মতিক্রমে এবার নিজস্ব পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেয়ার সিন্ধান্ত গৃহীত হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অনুষ্ঠিত সাধারণ সভায় আসন্ন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বেরিয়ে এসে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।