
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ২:৩৮

অরিয়ন গ্রুপের ২টি চোরাই এক্স-টু কভার্ড ভ্যান বিক্রয়ের প্রস্তুতিকালে ৩ চোরাকারবারীসহ ভ্যান দুটি উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানা পুলিশের বিশেষ টিমের পৃথক অভিযানে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রাম ও বরকামতা ইউনিয়নের জাফরাবাদ গ্রাম থেকে কভার্ডভ্যান দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) থোয়াই ছামং চাক নয়ন, মো. মাসুদ, কৃষ্ণ মোহন দেবনাথ ও এএসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে ৩টি দল অভিযান চালিয়ে কাচিসাইর গ্রামের মোল্লা মার্কেটের সামনে একটি টাটা কোম্পানীর এক্স-টু কভার্ড ভ্যান বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা মেট্রো-ম-১৪-০৬৯৭ গাড়ি নিয়ে অপেক্ষা করছিল।
এসময় পুলিশ ক্রেতা সেজে আন্ত:জেলা গাড়ি চোর চক্রের অন্যতম সদস্য দেবীদ্বার উপজেলার নূরমানিকচর গ্রামের মৃত: বাচ্চু মিয়ার পুত্র মো. আলম(৩১) ও আসরা গ্রামের ইব্রাহীম খলিলের পুত্র আল আমিন(৩০)কে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে জাফরাবাদ গ্রামের সোয়ামিয়া হাজী বাড়ির আবুল কাসেমের পরিত্যাক্ত জমি থেকে অপর টাটা কোম্পানীর এক্স-টু কভার্ড ভ্যান ‘ঢাকা মেট্রো-ন- ১৫-৯৯৩০নং)সহ নূরমানিকচর গ্রামের আলমগীর হোসেনের পুত্র সাইফুল ইসলাম(২৬)কে আটক করে থানায় নিয়ে আসেন। ওই ঘটনায় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মিয়া বাদী হয়ে আটক ৩ আসামীকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৯।
সংবাদ পেয়ে অরিয়ন ফার্মা কোং লিঃ’র গাড়ি চালক মো. কবির হোসেন ও অরিয়ন গ্রুপের সেলসম্যান হাসান শিকদার আমিনুল দেবীদ্বার আসেন। এসময় চালক কবির হোসেন বলেন, বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) ভোর ৪টায় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার এনায়েতনগর ‘শুভ গ্যারেজে’ রক্ষিত অরিয়ন গ্রুপ ও অন্যান্য কোম্পানীর ভাড়ায় গাড়ি রাখা হয়। আটক ৩ সদস্যের একজন মো. আলম আগে ‘দারাজ’ কোম্পানীর গাড়ির চালক ছিলেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
ওই কোম্পানীর গাড়ি চালক হিসেবে শুভ গ্যারেজে গাড়ি রাখত। গ্যারেজ মালিকের সাথেও তার পরিচয় ছিল। ঘটনার দিন ভোরবেলায় গ্যারেজের নৈশ প্রহরী মোঃ আলম শীতে আগুনের ছেকা নিচ্ছিল। হঠাৎ পেছনদিক থেকে এসে গামছা দিয়ে নৈশপ্রহরীর চোক বেঁধে পাশের একটি কক্ষে উপুর করে ফেলে রেখে গাড়ি দু’টি নিয়ে পালিয়ে যায়, অন্যান্য গাড়ি নিতে চেষ্টা করেছিল গাড়ি স্টার্ট করতে না পারায় অন্যান্য গাড়িগুলো নিতে পারেনি। ওই ঘটনায় আমি বাদী হয়ে গতকাল নারায়নগঞ্জ ফতুল্লা থানায় একটি মামলা করি। মামলা নং-৩৫৭(৩)৮১।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, চোরাইগাড়ি বিক্রয় করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি এক্স-টু কভার্ড ভ্যান উদ্ধারসহ আন্তজেলা চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। আটক আসামী প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও চুরির অভিযোগে ৬/৭টি করে মামলা রয়েছে। তাদের অন্যান্য টিম সদস্যদের আইনের আওতায় আনতে এবং অন্যান্য মালামাল উদ্ধার অভিযান অব্যাহত আছে।